Market Status: Closed
  Tuesday, 02 Jun '26
   22:28:42 (BST)

চট্টগ্রাম, ১৪ মে ২০২৬

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত বিশেষ সহকারী  (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) জনাব তানভীর গনি বুধবার (১৩ মে, ২০২৬) চিটাগং স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় সফর করেন। তিনি সিএসই কর্তৃপক্ষের সাথে এক মত বিনিময়  সভায় মিলিত হন। তিনি পুঁজিবাজারে সিএসই’র অবদান, বর্তমান বাজার পরিস্থিতি এবং সেই পরিপ্রেক্ষিতে বাজার উন্নয়নে সিএসই’র  চলমান উদ্যোগ ও কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হন। জনাব তানভীর গনি কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সিএসই’র প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ক্ষেত্রে সিএসই’র অগ্রগতির প্রসংসা করে তিনি বলেন, আমাদের আমদানি নির্ভর অর্থনীতিতে আমদানিকারকদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য হেজিং দরকার হয়। এ ক্ষেত্রে কমোডিটি এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মাননীয় অর্থমন্ত্রীর বরাত দিয়ে বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ডিরেগুলেশন করতে হবে। কথায় কথায় নিয়ন্ত্রক সংস্থার কাছে যেতে হবে না। ডিরেগুলেশনের জন্য এ সরকার কাজ করছে। তিনি মিউচুয়াল ফান্ড সক্রিয়করণের উপরও জোর দিয়ে বলেন, ইকুইটি মার্কেটের বিনিয়োগকারীদের মধ্যে ফিন্যান্সিয়াল লিটারেসির ব্যাপক ঘাটতি রয়েছে। তিনি কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট সম্পর্কে সিএসই’র বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ট্রেনিং, ওয়ার্কশপ ইত্যাদির প্রশংসা করেন। জনাব তানভীর গনি বলেন, কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস ট্রেডিংয়ের জন্য হাই  ফিন্যান্সিয়াল লিটারেসি দরকার। তবে আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নিউ অ্যাসেট ক্লাস চালুর জন্য সিএসই প্রস্তুত। জনাব গনি উপস্থাপিত বিষয়গুলো সংক্রান্ত কিছু বিষয় জানতে চান এবং পরিশেষে বলেন, কমোডিটি এক্সচেঞ্জের ওপর এখন আলোকপাত করতে হবে। এ ক্ষেত্রে সিএসইর বিকল্প নেই। তিনি কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালুর আশ্বাস দেন।         

 

সভার শুরুতে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ সিএসই’র  বাজারচিত্রসহ এক্সচেঞ্জের সার্বিক পরিচিতি তুলে ধরেন। কমোডিটি এক্সচেঞ্জের জন্য কারিগরি প্রস্তুতির বিষয়টি উপস্থাপন করেন মহাব্যবস্থাপক ও আইটি বিভাগের প্রধান জনাব মেজবাহ উদ্দিন। সিএসই’র সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. ফয়সাল হুদা কমোডিটি  ডেরিভেটিভস এক্সচেঞ্জের বিষয়টি বিশদরূপে উপস্থাপন করেন। এ সময় সিএসই’র চেয়ারম্যান জনাব একেএম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মিস নাজনীন সুলতানা, এফসিএ ও জনাব শাহজাদা মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।  

 

অনুষ্ঠানে সিএসই’র চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান বলেন, আমরা কমোডিটি এক্সচেঞ্জের ব্রোকার এবং কমোডিটির অনুমোদন লাভের অপেক্ষায় রয়েছি। মাননীয় অতিথি, আমাদের আশা, আপনার সময়োপযোগী নেতৃত্ব সিএসই’র প্রত্যাশা পূরণে গতিশীল ভূমিকা রাখবে।     

 

 

সিএসই’র পরিচালক জনাব এমদাদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত বিশেষ সহকারী, আপনার বক্তব্য আমাদের মনে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য সত্যিকার আশা সঞ্চার করেছে। আমাদের বিশ্বাস ও প্রত্যাশা, জাতির জন্য মাইলস্টোন এই কমোডিটি  এক্সচেঞ্জ আপনার হাত ধরে চালু হবে।  

 

সিএসই’র চেয়ারম্যানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা শেষ হয়।

 

চিটাগং স্টক এক্সচেঞ্জের পক্ষেঃ

তানিয়া বেগম

এএম-পিএন্ডসিআর, সিএসই

ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬      

| May 14, 2026 |