Market Status: Closed
  Saturday, 18 Jul '26
   03:33:13 (BST)

 

জুন, ২৫, ২০২৬, চট্টগ্রামঃ

পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে  অবহিত হতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি)-এর ব্যবসায় প্রশাসন  অনুষদের শিক্ষার্থীদের একটি দল  আজ ২৫ জুন, ২০২৬, বৃহস্পতিবার চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)র, আগ্রাবাদ, চট্রগ্রামস্থ কার্যালয় কর্পোরেট পরিদর্শন করে।

 

বাংলাদেশ পুঁজিবাজার-এর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠান-এ অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে এবং আয়োজন করছে।

 

উক্ত অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার, জনাব মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, ডিজিএম এন্ড হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, জনাব একেএম শাহরোজ আলম এবং হেড অফ ইন্টারনাল অডি্ট‌ জনাব মোহাম্মদ বারাকাত শফি। অধিবেশনটি পরিচালনা করেন হেড অফ ট্রেনিং এন্ড এওয়্যারনেস, জনাব এম সাদেক আহমেদ।এতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি)-এর ব্যবসায় প্রশাসন  অনুষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ফিনান্স, প্রফেসর ড মোহাম্মদ নাজিম উদ্দিন‌, প্রফেসর ড নাজনিন জাহান চৌধুরী, এসোসিয়েট প্রফেসর, মোঃ আরিফুল হক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ড নাজিম উল্লাহ।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার, জনাব মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, বলেন, পুঁজিবাজারের বিনিয়োগের জন্য আমাদের ধারনাগুলোর পরিবর্তন হওয়া দরকার। বিনিয়োগের ডাইভারসিফিকেশন খুব জরুরী, বিশেষ করে শুধুমাত্র সিকিউরিটিজে বিনিয়োগ করবো এই চিন্তার পরিবর্তন করতে হবে, বরং অন্য প্রোডাক্ট যেমন মিউচুয়াল ফান্ড, ইটিএফ, বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়ে পুঁজিবাজারে আসতে হবে। পুঁজিবাজারের প্রধান নিয়ামক হচ্ছেন বিনিয়োগকারী এবং এই বিনিয়োগকারীদেরকে শিক্ষিত করার কাজটি সর্বদাই গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই হবেন আগামী দিনের পুঁজিবাজারের কর্ণধার অর্থাৎ তাঁরাই হবেন বিনিয়োগকারী। সুতরাং এখন থেকেই আপানরা এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন যেন আজকের শিক্ষা হউক আপনার ভবিষ্যতে ব্যবহারিক প্রয়োগের শক্ত ভিত্তি । অর্থাৎ এই ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন, প্রশিক্ষণ এবং ওয়ার্কশপ ইত্যাদি থেকে যা শিখবেন তা শুধুমাত্র পরিক্ষা পাশের জন্য না ভেবে বরং এমনভাবে প্রস্তুতি নেন যেন এই জ্ঞান আপনাকে ভবিষ্যতে একজন সফল বিনিয়োগকারী হতে সহায়ক হয়। শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে যে, তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের মধ্যে সমন্বয় খুব জরুরী, সেজন্য প্রয়োজন বেশি বেশি প্রশিক্ষণ ও প্রায়োগিক কোর্সে অংশগ্রহণ।বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে নতুন প্রোডাক্ট সব ক্ষেত্রগুলি সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন জরুরী তবেইতো সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।

 

প্রফেসর ড মোহাম্মদ নাজিম উদ্দিন‌ বলেন, সমৃদ্ধ অর্থনীতিতে ব্যাংক হচ্ছে স্বল্প মেয়াদের বিনিয়োগ মাধ্যম এবং পুঁজিবাজার হচ্ছে দীর্ঘ মেয়াদী বিনিয়োগের প্রধান মাধ্যম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুঁজিবাজারের চিত্র ঠিক বিপরীত।আপনারা যারা ভবিষ্যৎ বিনিয়োগকারী হতে চান তারা এই ব্যাপারগুলো বিবেচনা করেই নিজেকে প্রস্তুত করবেন এবং ব্যবহারিক জ্ঞানকে প্রাধান্য দিয়ে পর্যবেক্ষণ, বিশ্লেষণ করে বিনিয়োগ করবেন।

 

প্রফেসর ড নাজনিন জাহান চৌধুরী  বলেন, শিক্ষা জীবনে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি নিজেদেরকে ব্যবহারিক জ্ঞানের সাথে সংযুক্ত করতে হবে। পুঁজিবাজার কিভাবে কাজ করে তা জানতে হবে এবং এর খুঁটিনাটি বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে।

 

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমানে প্রচলিত প্রোডাক্ট সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, বিনিয়োগ ঝুঁকি এবং পুঁজিবাজারের সাথে সম্পর্কিত রিটার্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সম্যক ধারনা প্রদান করা হয় এবং নিজেদেরকে আগামী দিনে পুঁজিবাজারের একজন যোগ্য ও বিনিয়োগ সিদ্ধান্তে উপযুক্ত হিসেবে গড়ে তোলার পদক্ষেপগুলো শিক্ষাজীবন থেকে শুরু করার ব্যাপারে আলোচনা করা হয় । এছাড়া সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার পদক্ষেপ এবং চলমান অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদেরকে সংক্ষিপ্ত পরিসরে জানানো হয়। উক্ত অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারনা প্রদান করতে ও প্রয়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করতে জনাব এম সাদেক আহমেদ তাঁর উপস্থাপনা প্রদান করেন।

  

 

বিস্তারিত জানতে,

তানিয়া

এএম-পিঅ্যান্ডসিআর, সিএসই

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

| June 25, 2026 |