Market Status: Closed
  Saturday, 18 Jul '26
   03:33:28 (BST)

২৯ জুন, ২০২৬, ঢাকাঃ

আজ ২৯ জুন ২০২৬ তারিখ বিকাল ৫ টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর চেয়ারম্যান জনাব এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেন ।

উক্ত সাক্ষাৎকালে সিএসইর চলমান কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ স্থাপনের অগ্রগতি তুলে ধরা হয়। সিএসইর প্রতিনিধিদল গভর্নরকে অবহিত করেন যে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের প্রয়োজনীয় অনুমোদনসাপেক্ষে প্রাথমিকভাবে গোল্ড ফিউচারস, সিলভার ফিউচারস দিয়ে কমোডিটি এক্সচেঞ্জ এর যাত্রা শুরুর পরিকল্পনা নেয়া হয়েছে। গভর্নর মহোদয় অভিমত ব্যক্ত করেন যে গোল্ড ফিউচারস, সিলভার ফিউচারস চালুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের কোন বিষয় জড়িত নেই।

গভর্নর দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ১০ শতাংশে উন্নীত হওয়া প্রয়োজন বলে মনে করেন। এ লক্ষ্য অর্জনে ব্যাংকিং খাতের পাশাপাশি একটি শক্তিশালী, গভীর ও গতিশীল পুঁজিবাজার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, পুঁজিবাজার সম্প্রসারিত হলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বৃদ্ধি নিশ্চিত হবে। গভর্নর আরও উল্লেখ করেন যে, সম্প্রতি সিকিউরিটিজ বিক্রয়লব্ধ অর্থ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ ব্যাংক নিটা (NITA) সংক্রান্ত বিধান সংশোধন করেছে।

 

উক্ত সভায় ইকুইটি মার্কেটের স্বচ্ছতা এবং সম্ভাবনার বিষয়ে গভর্নর মহোদয় গুরুত্ব প্রদান করেন। সিএসই প্রতিনিধিদলে আরও ছিলেন জনাব এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক; জনাব মোর্তূজা আলম, মহাব্যবস্থাপক; এবং জনাব মোহাম্মদ মনিরুল হক, মহাব্যবস্থাপক। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 বিস্তারিত জানতে,

তানিয়া বেগম 

এএম-পিঅ্যান্ডসিআর, সিএসই

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬ 

| June 29, 2026 |