Market Status: Closed
  Sunday, 20 Sep '26
   15:46:40 (BST)

১৩ সেপ্টেম্বর, ২০২৬, চট্টগ্রামঃ


পুঁজিবাজার, ট্রেডিং প্লাটফর্ম এবং এর কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা গ্রহন করতে এবং একই সাথে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (এইচসিপিএসসি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ জন শিক্ষার্থীর একটি দল আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬, চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর আগ্রাবাদ, চট্রগ্রামস্থ কার্যালয়ে শিক্ষা সফর সম্পন্ন করে । বাংলাদেশ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে ।

 

উক্ত অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ,  চিফ রেগুলেটরি অফিসার, জনাব মোহাম্মদ মেহেদি হাসান, সিএফএ, আইসিটি ডিভিশন এর কর্মকর্তা জনাব আব্দুলাহ বিন হোসাইন এবং  জনাব মোঃ আরিফুল ইসলাম । অধিবেশনটি পরিচালনা এবং উক্ত অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারণা প্রদান করতে ও প্রায়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করতে হেড অফ ট্রেনিং অ্যান্ড এওয়্যারনেস ,জনাব এম সাদেক আহমেদ তাঁর উপস্থাপনা প্রদান করেন এবং সিএসইর টেকনিক্যাল কাঠামো এবং ওয়েবসাইট বিষয়ক যৌথ উপস্থাপনা প্রদান করেন আইটি কর্মকর্তাবৃন্দ, জনাব আব্দুলাহ বিন হোসাইন এবং  জনাব মোঃ আরিফুল ইসলাম  । অনুষ্ঠানে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (এইচসিপিএসসি) এর শিক্ষক-শিক্ষিকার মধ্য থেকে উপস্থিত ছিলেন  প্রিন্সিপাল (অধ্যক্ষ) লে কর্নেল মোঃ গোলাম মোরশেদ, পিএসসি, জনাব গোলাম মোস্তফা, মোঃ আব্দুল জলিল এবং মিস শারমিন জাহান ।

ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, একটি দেশের অর্থনীতির উন্নয়নের জন্য জনশক্তির উপযুক্ত বিকাশ এবং মেধার সঠিক ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমাদেরকে মাল্টিডাইমেনশনাল দক্ষতায় নিজেকে উন্নীত করতে হবে। ছাত্রজীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে ভবিষ্যতের বুনিয়াদের উপযুক্ত সময়।  এই প্রচেষ্টার অংশ হিসেবে আজকের শিক্ষা সফরে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ এবং কলেজের অধ্যক্ষ,শিক্ষক-শিক্ষকা মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি । কলেজ অধ্যয়ন শেষে আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করবেন তখন একটি গুরুত্বপূর্ণ ধাপে উন্নতির প্রাক্কালে আজকের এই শিক্ষা সফর আপনাদের সামনের পেশাজীবনের লক্ষ্য স্থির করার উদ্দেশ্যে ভূমিকা পালন করবে । জনাব রহমান আরও বলেন, পুঁজিবাজার হলো ফিনান্সিয়াল কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। পুঁজিবাজার যত শক্ত ভিত্তির উপর কাজ করবে ততই এর সাথে সংশ্লিষ্ট সবগুলো উপাদান অর্থনীতির উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবে। একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট সকলের জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি জরুরি । আজকের প্রশিক্ষণের মাধ্যমে আপানারা পুঁজিবাজারের কার্যক্রম, ট্রেডিং ও সেটেলমেন্ট, বিনিয়োগকারীর সুরক্ষা, সার্ভেইলেন্স এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন । কিন্তু পুঁজিবাজারের পুরো কার্যক্রম সমন্ধে অবহিত হতে হলে এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যাপারগুলো সম্বন্ধে ভালোভাবে জানতে হবে এবং আপনারা যত জানবেন, তত শিখবেন।  এক্ষেত্রে, একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষাও জরুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,এই পুঁজিবাজার হলো এমন একটি স্থান যেখানে সঞ্চিতির বিনিয়োগ যেমন হয় তেমনই এই মার্কেট থেকে নতুন পুঁজি নিয়ে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহন করা হয়। পুঁজিবাজারের সম্পূর্ণ কার্যক্রম টেকনিক্যাল এবং রেগুলেটরি কাঠামোর  মাধ্যমে পরিচালিত হয়। তাই সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা এবং সেভাবে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন।

 তিনি আরও বলেন, সিএসই সব সময়ই পুঁজিবাজারের উন্নয়নের কাজে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। অতীতে নতুন নতুন অনেক প্রোডাক্ট আনয়নে সিএসই উল্লেখযোগ্য অবদান রেখেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য সিএসই সাহসী উদ্যোগ গ্রহণ করেছে।   

চিফ রেগুলেটরি অফিসার, জনাব মোহাম্মদ মেহেদি হাসান, সিএফএ,বলেন, আপনাদের মধ্য থেকে অনেকেই ভবিষ্যতে পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তা, বিনিয়োগকারী, কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করবেন। তাই স্কুল এবং কলেজ জীবনেই ভবিষ্যতের পেশাজীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের জন্য সব ধরনের ধারণা গ্রহণ করা প্রয়োজন। মনে রাখবেন ,আপনি যত জানবেন আপনার জন্য সিদ্ধান্ত গ্রহণ হবে তত সহজ এবং সঠিক। বৈশ্বিক পরিবর্তন এবং দেশের প্রেক্ষাপট বিবেচনায় সুদূর প্রসারি সিদ্ধান্ত গ্রহনের জন্য সবার উচিত পছন্দের সেক্টরগুলো সম্বন্ধে জানা এবং সম্ভব হলে পরিদর্শন করে ব্যবহারিক জ্ঞান লব্ধ করা। সেজন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে বাস্তবিক ও প্রায়োগিক শিক্ষা প্রদানের ব্যপারে আরও পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু ষ্টক এক্সচেঞ্জ নয় সামনে আসছে কমোডিটি এক্সচেঞ্জ, আপানদের মত তরুণ-তরুণী, মেধাবী এবং দৃঢ় প্রত্যয়ী জনশক্তি পারবে নতুন সম্ভাবনকে সফলভাবে বাস্তবায়ন করতে। আমরা আশা করবো, আপনারা আরও বিস্তৃত ধারণা গ্রহণ করবেন এবং জেনে বুঝে পেশাজীবনের সেক্টর নির্বাচন করে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবেন।

 

 

প্রিন্সিপাল (অধ্যক্ষ) লে কর্নেল মোঃ গোলাম মোরশেদ, পিএসসি বলেন, পুঁজিবাজারের ভবিষ্যৎ বিনিয়োগকারী এবং কর্ণধার উভয়ই হবেন আজকের শিক্ষার্থীরা । পুঁজিবাজারে ইনভেস্টর ছাড়াও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার অনেকগুলো সুযোগ রয়েছে, যেমন, উদ্যোক্তা, কনসালটেন্ট, ট্রেইনার , পরিকল্পনাকারী কিংবা অভিজ্ঞ পর্যবেক্ষণকারী হিসেবেও আপনি কাজ করতে পারবেন। তাই শিক্ষাকালীন সময় থেকেই এই পুঁজিবাজার এবং এর কার্যক্রম সম্পর্কে জানা, গবেষণা করা, সম্যক জ্ঞান লাভ করা এবং সুযোগ থাকলে প্রায়োগিক জ্ঞান গ্রহণ করা প্রয়োজন । তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে আরও বলেন যে, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যারা সামনে এই পুঁজিবাজারে অংশগ্রহণ করতে ইচ্ছুক আজকের এই শিক্ষা সফরই হতে পারে তাদের প্রথম পদক্ষেপ । আজকের শিক্ষার্থীদের নিতে হবে আগামী দিনের উৎকর্ষ সাধনের দায়িত্ব, হতে হবে আগামী দিনের সফল কর্ণধার।

 

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমানে প্রচলিত এবং অদূর ভবিষ্যতে নতুন চালুকৃত প্রোডাক্ট বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন । এছাড়াও আর্থিক পরিকল্পনা, ঝুঁকি এবং পুঁজিবাজারের সাথে সম্পর্কিত রিটার্ন সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে সুরক্ষার জন্য তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন । এরপর অনুষ্ঠানে উপস্থিত সিএসইর কর্মকর্তাগণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন । আগত শিক্ষার্থীরা পুঁজিবাজারের কাঠামোতে আগামী দিনগুলোতে বিভিন্ন বিষয়বস্তুর উপর আয়োজিত প্রশিক্ষণ, কর্মশালা কিংবা সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় অংশগহণের প্রত্যয় ব্যক্ত করেন।

বিস্তারিত জানতে,
তানিয়া বেগম
এএম-পিএন্ডসিআর,পিআরডি
সিএসই ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

| September 14, 2026 |